দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র চলমান বিক্ষোভকে কেন্দ্র করে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। এই বিক্ষোভ এলাকা ও এর আশপাশের অঞ্চলে অ্যাপভিত্তিক রাইড-শেয়ারিং, খাবার সরবরাহ, ক্যাব সার্ভিস এবং কুইক-কমার্স লজিস্টিকস সেবার চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জি নিউজের তথ্য অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী (আগের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) দিল্লি ট্রাফিক পুলিশ এই বিস্তারিত নির্দেশনা জারি করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভস্থলের আশপাশে বাণিজ্যিক অ্যাগ্রিগেটর প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সীমিত রাখার অনুরোধ করা হয়েছে। মূলত ডেলিভারি কর্মী, যানবাহন চালক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য। মধ্য দিল্লির নির্ধারিত এলাকায় অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ বলবৎ থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই পদক্ষেপকে ‘ফুড বন্দি’ বলে কটাক্ষ করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “খাবার কেড়ে নেবেন না! (নোটবন্দির পর এবার ‘ফুড বন্দি’)।” অখিলেশ যাদবের অভিযোগ, বিক্ষোভের অজুহাতে জরুরি সেবার ওপর এই ধরনের বিধিনিষেধ সম্পূর্ণ অযৌক্তিক এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্ভোগ আরও বাড়বে।