ইউনিভার্সিটি অব রোচেস্টারের অধ্যাপক ও জ্যোতির্বিজ্ঞানী অ্যাডাম ফ্রাঙ্ক যখন নাসার বিজ্ঞানী গ্যাভিন স্মিথের অফিসে যান, তখন তার মনে এমন একটি প্রশ্ন ছিল যা তিনি নিজেই সবচেয়ে অদ্ভুত প্রশ্ন বলে মনে করতেন। তিনি স্মিথকে জিজ্ঞেস করেছিলেন, এলিয়েনরাও কি জলবায়ু পরিবর্তনের শিকার হয়? তবে স্মিথ তাকে মুহূর্তের মধ্যেই বুঝিয়ে দেন যে, তার ধারণার চেয়েও বরং আরও অদ্ভুত প্রশ্ন থাকতে পারে।
অধ্যাপক অ্যাডাম ফ্রাঙ্ক মূলত মানুষের মতোই অন্য কোনো উন্নত সভ্যতা অতীতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কোনো ভূমিকা রেখেছিল কি না, তা নিয়ে অনুসন্ধান করছিলেন। বিভিন্ন গ্রহ নিয়ে গবেষণার অংশ হিসেবে ২০১৭ সালের সেই দিনে তিনি স্মিথকে বলেছিলেন, আমরা তো জানি যে পৃথিবীতে আমাদের আগে অন্য কোনো সভ্যতা ছিল না।
কথাটি শোনামাত্রই স্মিথ তাকে থামিয়ে দিয়ে পাল্টা প্রশ্ন করেন, আপনি কীভাবে জানলেন?