রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে পালিত হয়েছে মাসের প্রথম শনিবারের বিশেষ ‘ক্লিনিং ডে’। জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশ দূষণ সম্পর্কে নাগরিকদের সচেতন করার উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার সকালে রাজধানীর শাহবাগে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি একটি ব্যতিক্রমী ‘বর্জ্য শোভাযাত্রা’রও উদ্বোধন করেন। ডিএসসিসির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিকদের সচেতনতা ও সক্রিয় সম্পৃক্ততা ছাড়া ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করা অসম্ভব। বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকা থেকে ঢাকাকে মুক্ত করতে হলে সবার আগে আচরণগত পরিবর্তন প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন করে ডাস্টবিন স্থাপন করা হচ্ছে, তাই যত্রতত্র বর্জ্য ফেলার সুযোগ নেই। ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বিন রাখা এবং ড্রেনে পলিথিন বা বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাসের প্রথম শনিবার মশা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ অব্যাহত থাকবে। এছাড়া পরিবেশ রক্ষায় তিনি ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শাহবাগ এলাকা থেকে একটি সুসজ্জিত সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা পথচারী ও নাগরিকদের মাঝে প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার ওপর সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিন। এছাড়া সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।