আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও নিয়মিত অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এবার আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মালয়েশিয়া সফরে যাচ্ছে বাহিনীর নারী বেসবল দল। আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অংশ নেবে এই দলটি।
এই সফরকে সামনে রেখে আজ ৯ আগস্ট (রবিবার) বাহিনীর সদর দপ্তরে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি খেলোয়াড়দের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানান। একই সঙ্গে নারী বেসবল দলের সদস্যদের আন্তরিক উৎসাহ ও শুভকামনা জানান তিনি।
মালয়েশিয়ার সেলাঙ্গরে অবস্থিত ‘ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া’-র বিএফএম ন্যাশনাল বেসবল মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার জাতির এই প্রতিযোগিতায় স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১০ থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ আনসার-ভিডিপি নারী বেসবল দল মালয়েশিয়ায় অবস্থান করবে।
উল্লেখ্য, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় আনসার-ভিডিপি ক্রীড়াদলের ধারাবাহিক শ্রেষ্ঠত্ব অর্জনের এক গৌরবময় ঐতিহ্য রয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে পূর্বের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও বেসবল মাঠে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের আশা প্রকাশ করছে দলটি।