আদালতের আদেশ অমান্য করে মামলা রেকর্ড না করার অভিযোগে ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান এই আদেশ প্রদান করেন। মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন গণমাধ্যমকে এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত রোববার দাগনভূঞা থানার মোমারিজপুর গ্রামের বাসিন্দা রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহান ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, শারীরিক নির্যাতনের শিকার হয়ে তিনি থানায় লিখিত আবেদন করলেও ওসি ফয়জুল আজিম নোমান সেটি মামলা হিসেবে গ্রহণ করেননি। এরপর তিনি আদালতে মামলা দায়ের করলে বিচারক সেটিকে এজাহার (এফআইআর) হিসেবে রেকর্ড করার জন্য ওসিকে নির্দেশ দেন। কিন্তু আদালতের সেই স্পষ্ট নির্দেশনাও উপেক্ষা করেন ওসি।
আদালতের নির্দেশ অমান্য করায় ভিকটিম বিবি মারজাহান পুনরায় আদালতে আবেদন জানান। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারক দাগনভূঞা থানার ওসিকে দ্রুত প্রত্যাহার করতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। একই সঙ্গে ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর আদেশের অনুলিপি পাঠানো হয়েছে। বিচারক তাঁর আদেশে উল্লেখ করেন, দায়িত্ব পালনে এমন কর্মকাণ্ডের মাধ্যমে ওসি ফয়জুল আজিম নোমান তাঁর পদে থাকার অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।