মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্ববাসী সাক্ষী হতে যাচ্ছে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণের। পৃথিবী, চাঁদ ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে, তখনই এই মহাজাগতিক ঘটনাটি ঘটে। সবশেষ ২০২৪ সালের এপ্রিলে এমন দৃশ্য দেখা গিয়েছিল, যার দুই বছর পর আবারও এই রোমাঞ্চকর ক্ষণটি ফিরে আসছে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখনই সূর্যগ্রহণ হয়। নাসা জানিয়েছে, পৃথিবীতে প্রতি বছর গড়ে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বেশ বিরল। প্রতি এক শতাব্দীতে গড়ে ৬৬ বার বা প্রায় দেড় বছর পরপর এই ধরনের গ্রহণ ঘটে থাকে।
এবারের সূর্যগ্রহণটি মূলত ইউরোপের মূল ভূখণ্ড থেকে ভালোভাবে দেখা যাবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হতে যাচ্ছে। এছাড়া স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া, পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশেও এই দৃশ্য দেখা যাবে। নির্দিষ্ট কিছু স্থানে গ্রহণ চলাকালীন দিনের বেলাতেই অন্ধকার নেমে আসবে।
বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণটি শুরু হবে এবং এর স্থায়িত্বকাল হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকলেও, আবহাওয়া বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এ নিয়ে চিন্তিত।