রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে অপহৃত দন্ত চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের একটি টহল দল। বুধবার রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ও সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব।
ভুক্তভোগী চিকিৎসক জানান, বুধবার সন্ধ্যায় তিনি কুড়িল বিশ্বরোডের পাশে অপেক্ষা করছিলেন। সেখান থেকে জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তার। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসের চালক তাকে জলসিঁড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। গাড়িতে ওঠার পরপরই চক্রটি তাকে জিম্মি করে ফেলে। অপহরণকারীরা চিকিৎসকের হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে এবং তার অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার কাছ থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
পরবর্তীতে দুর্বৃত্তরা হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে জঙ্গলে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই সময় পূর্বাচলের ওই এলাকায় টহল ডিউটিতে ছিলেন আনসার সদস্য পিসি মো. সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের। জঙ্গলের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে তারা দ্রুত উৎসস্থল খুঁজে বের করেন এবং ভুক্তভোগীকে উদ্ধার করেন। উদ্ধারের পর আনসার সদস্যরা চিকিৎসককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন। বিপদের সময় আনসার বাহিনীর এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকার জন্য ভুক্তভোগী চিকিৎসক তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।