বলিউডের চিরসবুজ ও কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে। সিনেমাটিতে মধুবালার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে অভিনেত্রী সারা অর্জুনকে। জানা গেছে, চরিত্রটির জন্য তিনি ইতোমধ্যে নিজের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘ডার্লিংস’ খ্যাত পরিচালক জসমিত কে রিন। যদিও এখন পর্যন্ত সিনেমাটির নাম চূড়ান্ত করা হয়নি।
নির্মাতাদের পরিকল্পনায় রয়েছে মধুবালার জীবনের কেবল বাইরের গল্প নয়, বরং তার ব্যক্তিত্ব, আচরণ, চলাফেরা, অঙ্গভঙ্গি এবং যে সমসাময়িক পরিবেশ ও পরিস্থিতির মধ্য দিয়ে তিনি বেড়ে উঠেছিলেন, তা নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তোলা। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের তথ্যমতে, নির্মাতা সঞ্জয় লীলা বানসালি তার বর্তমান সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ করার পরপরই এই বায়োপিকের কাজে পুরোপুরি যুক্ত হবেন।
চলতি বছরের আগস্ট মাসের শেষ নাগাদ ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শেষ গানের দৃশ্যের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এরপর মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামস এলাকার সেই শুটিং স্পটটিকেই মধুবালার বায়োপিকের জন্য নতুন করে সাজানো হবে। প্রোডাকশন ডিজাইন দল সিনেমাটির দৃশ্য ও সময়কাল অনুযায়ী সেট নির্মাণের কাজ শুরু করবে। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।