দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, যার সংখ্যা ১৫৯ জন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, বরিশাল বিভাগে ১১৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নতুন করে ৫ জনের মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৯২৯ জন। তাদের মধ্যে ২৬ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।