জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে কার্তিকের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মহসিন খান ভক্তদের চমকে দিয়ে বাগদানের খবর জানিয়েছেন। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই সুখবরটি শেয়ার করেন। প্রিয় অভিনেতার এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য অনুরাগী।
অভিনেতার হবু স্ত্রীর নাম তামান্না। বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবি পোস্ট করে মহসিন তার জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন। শেয়ার করা একাধিক ছবিতে এই জুটিকে ভিন্ন ভিন্ন পোশাকে দেখা গেছে।
নিজের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে মহসিন লিখেছেন, 'এই সুন্দরী, পাগল, আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ মেয়েটি- সারাক্ষণ যে হাসছে, খুনসুটি করছে, আশায় বাঁচছে, প্রার্থনায় বাঁচছে, নাচে-গানে মাতিয়ে রাখছে- আমার জন্যই যেন ছিল। আমার সঙ্গেই ওর নাম লেখা হয়েছিল।'
তন্ময় হয়ে মহসিন তাদের সম্পর্কের শুরুর মুহূর্তগুলো স্মরণ করেন। তিনি জানান, তাদের প্রথম দেখা হওয়া থেকে হাত ধরা এবং তামান্নার গাওয়া গানের মুহূর্তগুলো থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে তার মনের মানুষটিকেই তিনি খুঁজে পেয়েছেন। অভিনেতার বিশ্বাস, তাদের এই ভালোবাসার গল্প হয়তো আগে থেকেই তারায়-তারায় লেখা ছিল।
নতুন জীবনের এই যাত্রা নিয়ে অভিনেতা লিখেছেন, এটি তাদের ভালোবাসা, বন্ধুত্ব এবং অগণিত স্মৃতি তৈরির এক সুন্দর সফর। তিনি আরও উল্লেখ করেন যে, একে অপরের মধ্যে নিজের 'বাড়ি' খুঁজে পাওয়ার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না।
মহসিন ও তামান্নাকে শুভেচ্ছা জানিয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদৃজা রায় ও শ্রদ্ধা আর্যসহ বিনোদন জগতের আরও অনেকে। তবে বাগদান সারলেও বিয়ের অনুষ্ঠানের তারিখ সম্পর্কে এখনও কিছু জানাননি অভিনেতা।