বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় ওষুধ চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। আটক যুবকের নাম মো. আলামিন (৩০), যার বাড়ি আদমদীঘির ছাতিয়ানগ্রামে। বুধবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।
তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপের মালিক জহুরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে দোকান খোলা রেখে তিনি শৌচাগারে গিয়েছিলেন। সেই সুযোগে আলামিন দোকানের গেটে চেয়ারে দাঁড়িয়ে ওষুধ চুরি করছিলেন। একপর্যায়ে চেয়ারটি ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান। বিষয়টি পাশের দোকানি মাসুদ টের পেয়ে দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলেন।
স্থানীয়রা জড়ো হওয়ার পর আলামিন তার অপরাধ স্বীকার করেন। উপস্থিত লোকজন তাকে মারধর না করে অভিনব এক শাস্তির সিদ্ধান্ত নেন। পাশের কীটনাশক দোকানি জিল্লুর রহমান মামুন জানান, অভিযুক্তকে মারধরের হাত থেকে বাঁচাতে এবং তার মধ্যে অনুশোচনা সৃষ্টির লক্ষ্যে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়।
নামাজ পড়ার পর অভিযুক্ত যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই শাস্তির মাধ্যমে আলামিন তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং ভবিষ্যতে এমন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবেন।