যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর গতকাল এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। সার্জিও গর তার পোস্টে উল্লেখ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি সপ্তাহে একটি ‘অসাধারণ চুক্তি’ করেছেন।
এই নতুন চুক্তির আওতায় বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে আরও বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আগের প্রাথমিক ক্রয়াদেশও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বলে সার্জিও গর জানিয়েছেন। তবে কতটি বা কোন মডেলের উড়োজাহাজ কেনা হবে এবং চুক্তির মোট আর্থিক মূল্য কত, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, সার্জিও গর একই সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত ৩০ জুলাই তিনি ঢাকা সফর করেছিলেন। তৎকালীন ওই সফরের প্রায় এক মাস পর নতুন করে বোয়িং কেনার এই ঘোষণা এলো। তবে গত জুলাইয়ের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেসময়ের ভাষ্য অনুযায়ী, ওই সফরে ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।
এর আগে ২০২৫ সালের জুলাই মাসে অন্তর্বর্তী সরকারের সময় ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনা চলাকালে বাংলাদেশ বোয়িং কেনার পরিকল্পনা বাড়িয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে প্রাথমিকভাবে ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তা বাড়িয়ে ২৫টি করা হয়।