ইরানের পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর জ্বালানি বহনকারী একটি ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, হামেদান-সানান্দাজ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় জ্বালানি ট্যাংকারটি দুর্ঘটনার কবলে পড়ে। সানান্দাজের গভর্নর আরশাদ জাহেদ জানিয়েছেন, ট্যাংকারটির ব্রেকিং সিস্টেমে কোনো কারিগরি ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে নিশ্চিত করেছেন গভর্নর। তবে এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।