৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতালি গিয়ে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় মেস্ত্রে শহরে তিনি লাঞ্ছিত হন। অভিযোগ রয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীরা তাকে আক্রমণ করেন।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি দেশে ফিরেছেন। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঁধন জানান, হামলার ঘটনার পর ইতালিতে থাকা তার সিনেমার টিমের সদস্যরা তাকে একরকম বর্জন করেছেন। তিনি বলেন, ‘আমার যে টিম, তারা আমাকে ডিজওন করেছে। ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করেছে। এমনকি পরবর্তীতে টরন্টো ফিল্ম ফেস্টিভালে যাওয়ার কথা থাকলেও তারা আমাকে সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে।’ তবে সহশিল্পীদের মধ্যে সুনেরাহ, জায়নিন ও তার মায়ের কাছ থেকে তিনি সহযোগিতা পেয়েছেন বলে জানান।
বাঁধন জানান, এই কঠিন সময়ে তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক, ইতালি সরকার, বাংলাদেশ সরকার এবং ইতালিতে বাংলাদেশের দূতাবাসের কাছ থেকে ব্যাপক সহায়তা পেয়েছেন। নিরাপত্তার স্বার্থে উৎসব পরিচালক তাকে লিডোতেই থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। পাশাপাশি ইতালি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ তাকে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করেছে।
দেশবাসীর সমর্থনের কথা স্মরণ করে বাঁধন বলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেশের মানুষ, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বিরোধী ও সরকারি দলের নেতাকর্মী এবং প্রবাসী বাঙালিরা যে সাপোর্ট দিয়েছেন, তা আমি কখনো ভুলতে পারব না।’
উল্লেখ্য, গত মঙ্গলবার মেস্ত্রে শহরে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর তিনি ইতালিতে মামলা দায়ের করেন। বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়েছে, যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই হামলাকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।