কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯২ পিস ইয়াবাসহ মো. হাইদুল ইসলাম নামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের এক ইউনিয়ন পর্যায়ের নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের বড়াটিয়া গ্রামে কটিয়াদী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মো. হাইদুল ইসলাম চান্দপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বড়াটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ তার বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ তাকে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে অভিহিত করেছে।
এ ঘটনায় উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান জানিয়েছেন, বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা চলছে এবং গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আটককৃত হাইদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
কটিয়াদী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চান্দপুর ইউনিয়নের বড়াটিয়া গ্রামে অভিযান চালায়।