রাজধানীতে আতঙ্ক ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তিনটি পৃথক স্থানে পর্যায়ক্রমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে সন্ধ্যার মধ্যে মালিবাগ, মহাখালী ও আগারগাঁও এলাকায় এই বিস্ফোরণগুলো ঘটায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের পাশের এলাকা এবং মহাখালীতে পৃথকভাবে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসেও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওইদিন রাতে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি এবং এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এই ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
একই দিন অর্থাৎ গত মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এই বিস্ফোরণ ঘটায়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই এই হামলাটি চালানো হয়।