ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দেলাওয়ার হোসেন। শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কফিল উদ্দিনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেলাওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বলেন, বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি ভোটারদের সম্মান ছিল, কারণ তিনি বলেছিলেন এটিই তার জীবনের শেষ নির্বাচন। তবে এবার ভোটাররা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি শতভাগ আশাবাদী।
রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতের দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি।
উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। এরপর ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আপিল, ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে। আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত।