রাজধানীর মিরপুরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। ঘটনাস্থলের খুব কাছেই থানা থাকা সত্ত্বেও কেন হামলা ও ভাঙচুর ঠেকানো গেল না, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে। দারুসসালাম জোনের অতিরিক্ত উপকমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়াকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পুলিশের কোনো সদস্যের গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে, এত বড় পরিসরে ভাঙচুর ও স্থাপনা গুঁড়িয়ে দিতে হামলাকারীদের কিছুটা সময় লেগেছে। ফলে পুরো ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ওই সময় পুলিশের ভূমিকা কী ছিল, তা পর্যালোচনা করা হচ্ছে। পুলিশ কোনো দল বা মত বিবেচনা করবে না এবং অপরাধীকে আইনের আওতায় আনাই তাদের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
এদিকে এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে হামলার সঙ্গে অর্থের বিনিময়ে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে হামলা ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।
এর আগে বৃহস্পতিবার দিয়াগত রাতে মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মুখোশধারী একটি বড় দল নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করে এবং স্থাপনা ভাঙচুর ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। ঘটনাটি জানার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কোনো অবহেলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।