আগামী তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে। শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
ডিএমপি কমিশনার জানান, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গা জুড়ে নতুন ডিপো তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এই কাজ শেষ হওয়ার পরপরই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো সেখানে সরিয়ে নেওয়া হবে। আপাতত এই ১০ একর জায়গায় অস্থায়ীভাবে টার্মিনাল ও ডিপোর কার্যক্রম চলবে। পরবর্তীতে রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, স্থায়ী টার্মিনাল ও ডিপো তৈরি হলে দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার সব পরিবহন সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এছাড়া ট্রাক ও বাদামতলী আড়তের ট্রাকগুলোও সেখানে নিয়ে যাওয়া হবে। চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার লক্ষ্যও রয়েছে কর্তৃপক্ষের।
টার্মিনাল স্থানান্তরের সময়সীমা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। কাজ শেষ হওয়া মাত্রই ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস সেখানে শিফট করা হবে। সেখানে পরিবহন ব্যবস্থা একটি সুশৃঙ্খল নিয়মের মধ্য দিয়ে চলবে। এই নিয়মের বাইরে কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।