বন্যা পরিস্থিতির উন্নতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারি ত্রাণ ও সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
বর্তমান পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে সাত লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যার কারণে ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া গবাদি পশু, মুরগির খামার এবং কৃষকদের ফসলেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন।
সরকারের ত্রাণ কার্যক্রমের তথ্য তুলে ধরে তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার পরিবারকে চাল এবং ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকদের জন্য সার ও বীজের ব্যবস্থা করা হচ্ছে এবং কৃষি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। এছাড়া বন্যা পরবর্তী সময়ে সম্ভাব্য রোগ-ব্যাধি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কেও প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে সরকার বদ্ধপরিকর।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসাইন স্বাধীনসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।