সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা মুহুর্মুহু হামলা চালিয়েছে। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের বুধবারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। যদিও বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি কোন বিমানবন্দরে কোনদিন হামলা হয়েছে, তবে কর্তৃপক্ষ জানিয়েছে হামলাগুলো ৬ ও ৭ অক্টোবর চালানো হয়েছে।
বিবৃতি অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় শহর আবহার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এই নির্দিষ্ট ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে সৌদি আরব, বাংলাদেশ ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ হতাহতদের জাতীয়তা ও পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য জানিয়েছে। তবে হামলায় ব্যবহৃত অস্ত্র বা হামলার ধরন সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।