গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ডিস্টিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’-এর প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, তারা মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপের কারণে নগদ টাকার সংকটে পড়েছিলেন তারা। বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের ডিস্টিবিউটর ‘হযরত আলী মুন্সী’র কাছ থেকে ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা নিয়ে প্রাইভেটকারে করে ফিরছিলেন তারা।
প্রাইভেটকারটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। তারা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রের মুখে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে। এ সময় দুর্বৃত্তরা পিস্তল বের করে একাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে। প্রাইভেটকারে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল, যার মধ্যে তিনটি বস্তা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
এ ঘটনায় একাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হয়েছেন এবং প্রাইভেটকারের চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন। আহত হিমেলকে প্রথমে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।