কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন পুলিশের এক কনস্টেবল ও এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। বর্তমানে এই দুই পুলিশ সদস্যকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৫ই অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি ডিউটি পার্টি সিএনজিচালিত অটোরিকশাযোগে দায়িত্ব পালন করছিলেন। এ সময় শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত দেওয়ান ওই কারবারিকে ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা কনস্টেবল রোহিত দেওয়ানকে আটক করেন।
পরিস্থিতি বুঝতে পেরে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাঁকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাঁকেও আটক করা হয়। পরবর্তীতে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যরা ওই দুই পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, মাদক কারবারিকে ধরতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। বিএসএফের সাথে এ বিষয়ে কথা হয়েছে এবং দুই সদস্যকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন বলে তিনি জানিয়েছেন।