ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গুয়াহাটিতে একটি হোটেলে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় গুয়াহাটির বোরা সার্ভিস এলাকার জিএস রোডের হোটেল বিলাস ইনে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে হোটেলের মালিক হেলেনা ভারালি, তার ছেলে দেবর্ষী কাশ্যপ এবং তাদের গাড়ির চালক রয়েছেন। এছাড়া আহত নারায়ণ দাসসহ আরও তিনজন গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের প্রাথমিক তদন্ত ও তথ্যানুযায়ী, হোটেলে প্রবেশের পরপরই চারজন ব্যক্তি গোলাগুলি শুরু করে। ঘটনাস্থলে সাত রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। পুলিশ কমিশনার পার্থ সারথি মহান্ত হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার কারণ সম্পর্কে পুলিশ জানিয়েছে যে, প্রাথমিক অনুসন্ধানে সম্পত্তির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধের সূত্র ধরে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে গোলাগুলির ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি, জড়িতদের পরিচয় এবং তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।