চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় লরির চাপায় ৫ জন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে শাপলা পরিবহণের একটি বাসে করে যাত্রীরা নেত্রকোনার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিরার কাছে পৌঁছালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। এছাড়া আহত অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।