ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ডাকা ধর্মঘটের কারণে দিনভর চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। পার্কিংয়ের দাবিসহ বিভিন্ন ইস্যুতে মঙ্গলবার দিনব্যাপী এই ধর্মঘট পালন করায় হাসপাতালের জরুরি বিভাগ, কলেজ গেট ও নতুন ভবনসহ আশপাশের এলাকায় অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি।
দিনব্যাপী চলা এই পরিবহন সংকটের ফলে গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে স্বজনদের হিমশিম খেতে হয়েছে। অনেকে চার থেকে পাঁচ ঘণ্টা, আবার কেউ সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেও অ্যাম্বুলেন্সের দেখা পাননি। অভিযোগ রয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘটে অংশ নেওয়া মালিক সমিতির অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালে প্রবেশ করতে পারেনি। এমনকি সরকারি অ্যাম্বুলেন্সগুলোকেও রোগী পরিবহনে সক্রিয় দেখা যায়নি।
সবচেয়ে বেশি মানবিক সংকটে পড়েন ঢাকার বাইরে থেকে আসা রোগী এবং স্বজন হারানো পরিবারগুলো। অ্যাম্বুলেন্সের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা পার করার পরও ব্যর্থ হয়ে অনেককে শেষ পর্যন্ত পিকআপ ভ্যান, রিকশা, ভ্যান কিংবা সিএনজিচালিত অটোরিকশার মতো বিকল্প যানবাহনে করে মরদেহ বা গুরুতর অসুস্থ রোগীকে গন্তব্যে নিয়ে যেতে হয়েছে। হাসপাতালের মেঝে ও বারান্দায় অসহায় স্বজনদের ছোটাছুটির পরও অ্যাম্বুলেন্স খুঁজে না পাওয়ায় চরম উদ্বেগের মধ্যে সময় কাটাতে হয়েছে তাদের।