জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে জাপানের টোকিওতে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি হয়। এতে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরা অংশ নেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন অংশীদারত্বকে আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগের (এফডিআই) পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। উভয় পক্ষই বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেছে।
বৈঠকটিতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটির অর্থায়নে অতীতে বাংলাদেশে বেশ কয়েকটি বড় অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের সহযোগিতায় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং নতুন চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।