রাঙামাটির সাজেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল ও কাঁচামালসহ বিভিন্ন পণ্য আনা-নেওয়া সহজ করতে একদিনের জন্য সড়ক অবরোধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, আগামী রবিবার (১ নভেম্বর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা সাজেক সড়কে অবরোধ শিথিল থাকবে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে আটটায় দেওয়া ঐ ভিডিও বার্তায় বাবুধন চাকমা জানান, চলমান তৃতীয় দফা অবরোধের নবম দিন শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ১২ ঘণ্টার শিথিলতা শেষে পরদিন সোমবার থেকে পুনরায় আগের মতো অবরোধ কর্মসূচি চালু থাকবে।
এদিকে পাহাড়ী সম্প্রদায়ের মাসব্যাপী প্রধান ধর্মীয় উৎসব 'কঠিন চীবর দান' পালনের বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ ছাড় দেওয়ার কথা জানিয়েছেন দুই সংগঠনের নেতারা। তাঁরা জানান, চীবর দানোৎসব উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুদের চলাচলের সময় গাড়ী প্রবেশের সুযোগ দেওয়া হবে। সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা উদযাপন করতে পারেন, সেজন্য আলোচনার ভিত্তিতে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধার জন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান বা বিহার কর্তৃপক্ষকে আন্দোলনকারী সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।