সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে দিশা উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন। ওই দিন সন্ধ্যায় তারা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে এবং একটি মোটরসাইকেল গ্যারেজেও একসঙ্গে ছিলেন। এছাড়া তাহসিফের মুঠোফোনের কললিস্ট থেকে তাদের মধ্যে একাধিকবার কথা হওয়ার তথ্য পাওয়া গেছে।
তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে, মামলার আগে গ্রেপ্তার হওয়া আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্যের মিল-অমিল যাচাই করা প্রয়োজন। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে। ছয়টি কারণ উল্লেখ করে পুলিশ জানিয়েছে, তাহসিফ হত্যার মূল রহস্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, আলামত উদ্ধার এবং হত্যাকাণ্ডের স্থান নিশ্চিত করতে দিশাকে নিবিড় জিজ্ঞাসাবাদ জরুরি। এছাড়া দিশা জামিনে মুক্তি পেলে পালিয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলেও পুলিশ আশঙ্কা প্রকাশ করেছে।
এর আগে রোববার রাত ২টার দিকে রাজধানীর কাফরুলে নিজ বাসা থেকে ১৯ বছর বয়সী দিশাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কে এম তাহসিফ সাউরি। পরদিন টঙ্গীর কাছে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এর আগে ৩১ অক্টোবর মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।