লক্ষ্মীপুর সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজার এলাকায় নিজের মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামের এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় তার ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত হোসেন মিয়া স্থানীয় সুলতান আহমেদ ভূইয়ার ছেলে এবং পেশায় দর্জি ছিলেন। অন্যদিকে, তার আহত ছেলে সাইফুল একই বাজারে ওষুধের ফার্মেসির ব্যবসা করেন।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি কিছুক্ষণের জন্য চেয়ে নেন একই বাড়ির শাকিল হোসেন। তবে নেওয়ার পর থেকে মোটরসাইকেলটি ফিরিয়ে দিতে নানা অজুহাত দেখিয়ে টানা ১৩ দিন ধরে তিনি আর ফেরত দেননি। পরে রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে সাথে নিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যান।
বাজারে গিয়ে শাকিলের কাছে বাইক ফেরত চাইলে তিনি আবারো তালবাহানা শুরু করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে শাকিল হোসেন ও বিপ্লবসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়। হামলায় প্রতিপক্ষের ঘুষি ও মারধরে হোসেন মিয়া এবং তার ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুলকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। একই সাথে এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।