নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইয়াসিন সরকার দিপু নামের এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা নদীঘাট সংলগ্ন একটি ইটভাটার কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত দিপু চান্দেরকান্দি ইউনিয়নের দাইরের পার গ্রামের হান্নান সরকারের ছেলে এবং আলহেরা আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিপু উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যান। ওইদিন দুপুর ১২টার দিকে তিন বন্ধুর সঙ্গে নানা বাড়ির পাশের মেঘনা নদীর মনিপুরা ঘাটে গোসল করতে যান তিনি। বন্ধুরা গোসল শেষে নদী থেকে উঠে এলেও দিপু পানিতে তলিয়ে যান।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ঘটনার দিনই নরসিংদী থেকে আসা ডুবুরি দল নদীতে দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সোমবার ভোরে মনিপুরা নদীঘাটের পাশে একটি ইটভাটার কাছাকাছি মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। রায়পুরা থানার ওসি মোহাম্মদ মুবিবর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার এই উপজেলায় চারজন মাদ্রাসাছাত্রী এবং শুক্রবার আরও দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটেছিল।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এই উপজেলায় ৪ জন মাদ্রাসাছাত্রী এবং শুক্রবার আরও দুই শিশু পানিতে ডুবে মারা যায়।