কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় আইন লঙ্ঘনকারী দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সোমবার (২০ জুলাই) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর চাপে পড়ে জাহাজ দুটি জলপথটির দক্ষিণের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাতায়াত করার চেষ্টা করছিল।
আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে যে, এটি তাদের ভূমি এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা মার্কিন সন্ত্রাসী বাহিনীর এই অঞ্চলে হস্তক্ষেপ করার কোনো আইনি ভিত্তি নেই। বিষয়টিকে নিশ্চিতভাবে মোকাবিলা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। মার্কিন বাহিনীর উপস্থিতিকে এই অঞ্চলের নিরাপত্তার জন্য প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে আইআরজিসি।
বিবৃতিতে আরও কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপকর্ম যতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই জলপথটি নিরাপদ থাকবে না। আইআরজিসির দাবি, মার্কিন বাহিনীর উপস্থিতি ও কর্মকাণ্ডের কারণেই গুরুত্বপূর্ণ এই প্রণালিতে সার্বিক নৌ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে।