রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই)। এ শোকাবহ দিনটিকে সামনে রেখে সোমবার সকালে প্রতিষ্ঠানটির দিয়াবাড়ি ক্যাম্পাসসহ ১৬টি শাখায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা চেয়ে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
দিয়াবাড়ি ক্যাম্পাসের অনুষ্ঠানে কলেজটির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান বলেন, শিক্ষার্থীরা তাদের হারিয়ে যাওয়া বন্ধুদের স্মরণ করতে এখানে সমবেত হয়েছে। তিনি জানান, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আহতদের প্রতি সংহতি প্রকাশ করতে দুই দিনের বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল দুর্ঘটনাস্থলটি সবার জন্য উন্মুক্ত রাখা হবে। সেখানে স্কাউট ও রোভার সদস্যরা গার্ড অব অনার দেবেন এবং নিহতদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি দোয়া, স্মৃতিচারণা এবং নিহতদের ছবি ও স্মৃতিকথা প্রদর্শনীর আয়োজন থাকবে।
স্মরণসভায় অংশ নিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সূর্য সময় বিশ্বাস গত বছরের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে। সে জানায়, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর চারদিকে আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন অবস্থায় সে ও তার সহপাঠীরা দোতলার একটি কক্ষে আটকা পড়েছিল। শিক্ষকেরা লোহার গ্রিল ভেঙে উদ্ধারের চেষ্টা করেছিলেন এবং পরে উদ্ধারকারীদের ইশারায় তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। সহপাঠীদের হারানোর বেদনা প্রকাশ করে সে বলে, বন্ধুদের সে কখনোই ভুলতে পারবে না।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, যার মধ্যে ২৮ জনই ছিল ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এছাড়া যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও প্রাণ হারান। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও আহতদের অনেকে এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি।