ঝালকাঠির ভিমরুলী এলাকায় খালে গোসল করার সময় আমগাছ থেকে ঝাঁপ দিয়ে মো. সানি (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ভিমরুলী বাজারের উত্তর পাশের খালে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কিশোর সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা মো. সোহেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরের খাবার খেয়ে দুপুর সোয়া ২টার দিকে তারা ভিমরুলী বাজারের উত্তর পাশের খালে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে পানিতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি।
সাথে থাকা সঙ্গীরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করে এবং পরে স্থানীয়ভাবে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ঝালকাঠি সদর থানার ওসি মাহামুদ হোসেন জানিয়েছেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।