গ্রিসের উপকূলে পরিচালিত পৃথক কয়েকটি অভিযানে দুই শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর মধ্যে বাংলাদেশ ও সুদানের নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি।
গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি নৌকায় করে ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে এসে পৌঁছান। এ ঘটনায় দ্বীপটিতে অবস্থিত অস্থায়ী অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার উপস্থিতি শনাক্ত করে। খবর পাওয়ার পরপরই গ্রিক কোস্ট গার্ড এবং একটি মাছ ধরার ট্রলার যৌথভাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে আসে। বর্তমানে সেখানে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে আরও দুটি পৃথক নৌকা থেকে ১১২ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। উদ্ধারকৃত প্রথম দলটিতে ৫৬ জন ছিলেন, যার মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌকাটিতে থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জনই ছিলেন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক।
উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দ্বীপে ক্রমাগত অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকায় কেন্দ্রটিকে এখন তাদের সাময়িক আশ্রয়ের জন্য ব্যবহার করা হচ্ছে।