রাজধানীতে সন্ধ্যার পর প্রবল বৃষ্টিপাতের ফলে বিভিন্ন সড়কে পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃষ্টির কারণে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয় এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়।
রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠ এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বৃষ্টির সময় ফুটপাতে থাকা একটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে। এতে ওই সময় রাস্তায় চলাচলরত তিনটি প্রাইভেটকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হন। গাছটি পড়ার কারণে ওই সড়ক দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে বৃষ্টির কারণে রাজধানীর প্রধান প্রধান সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। বিশেষ করে ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মগবাজার এবং মৌচাকসহ আশপাশের এলাকায় রাতে তীব্র যানজট দেখা দেয়।