দেশের উশু খেলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উশু ফেডারেশন। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফেডারেশনের ৯৩টি নিবন্ধিত ক্লাবকে আনুষ্ঠানিক নিবন্ধন সনদপত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ফেডারেশনের নবসজ্জিত অফিস কক্ষের।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান, এনডিসি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। এছাড়া বক্তব্য দেন ফেডারেশনের সহ-সভাপতি এস এম শহিদুল হক ভূঁইয়া ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ দৌলতুজ্জামান খান তৃণমূল পর্যায়ে উশু খেলার প্রসারে নিবন্ধিত ক্লাবগুলোর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "সুশৃঙ্খল ও কার্যকর ক্লাব ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উশু অঙ্গন আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য অর্জনের পথ সুগম হবে।"
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম ভূঁইয়া এই নিবন্ধন সনদ প্রদানকে ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমের একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন। দেশের উশু খেলার সার্বিক সম্প্রসারণ ও উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত ৯৩টি নিবন্ধিত ক্লাবের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদপত্র তুলে দেওয়া হয়। জমকালো এই আয়োজনে বিভিন্ন জেলা ও ক্লাবের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং উশু অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।