নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের একটি দল হামলার শিকার হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে ফতুল্লা মডেল থানার এসআই রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আরবান স্কুলের সামনে মাদক ব্যবসায়ীদের অবস্থানের গোপন খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জসিম (২৪) ও মোহন (২৩) নামের দুই ব্যক্তি এবং তাদের আরও ৭-৮ জন সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারি জসিম গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ জসিম ও তার সহযোগী মোহনকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার করে। গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশের অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।