রাজধানীর ডেমরায় বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরা থানার সারুলিয়া এলাকার পশ্চিম নিঝুমবাগ থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন নরসিংদী জেলা কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদ। পুলিশ জানিয়েছে, জুয়েল নব্য জেএমবির বোমারু কারিগর নাজমুল হাসান মামুনের ঘনিষ্ঠ সহযোগী।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার সময় পালিয়ে যাওয়া নয়জন জঙ্গির মধ্যে জুয়েল ভূঁইয়া অন্যতম ছিলেন। এরপর ২৫ জুলাই তিনি নরসিংদী জেলা পুলিশের হাতে ধরা পড়লেও ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সেপ্টেম্বরের দিকে জামিনে মুক্তি পান। পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জুয়েলের অবস্থান নিশ্চিত হয়।
ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহসিন মাসুদ জানান, জুয়েল ওই এলাকায় অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে দুটি হাতে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ও আটক ওই দুই যুবককে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।