নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে সরকার তাদের অনার্স পর্যায় পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিশ্চিত করেছেন যে, এই শিক্ষার যাবতীয় খরচ সরকার বহন করবে। এছাড়া, যেসব নারী শিক্ষার্থী পড়াশোনায় ভালো ফলাফল করবে, তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও রাখা হবে।
প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, দেশনেত্রী খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করেছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী হওয়ায় এই অংশকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। তাই বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত নারী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যাতে ভবিষ্যতে তোমরা দেশের হাল ধরতে পারো। শিক্ষার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দেশের চার কোটি পরিবারের মধ্যে যে নারী সংসার পরিচালনা করেন, তাদের পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরে প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের গরিব পরিবারের শিশুদের সহায়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সরকার প্রতিবছর শিক্ষার্থীদের নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস এবং প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।