পেরুতে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৭ বলে জানালেও, পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০৮ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়ায় এর তীব্রতা ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল।
ভূকম্পবিদদের মতে, গভীরতার কারণে উপকেন্দ্রের কাছাকাছি এলাকায় মেরকেলি স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩ থেকে ৪ মাত্রার, যা হালকা থেকে মাঝারি ঝাঁকুনি হিসেবে অনুভূত হয়। দক্ষিণ ও মধ্য পেরুর বিস্তীর্ণ এলাকায় কম্পনটি স্পষ্টভাবে টের পাওয়া গেছে।
শক্তিশালী এই ভূমিকম্পের পর দেশটির একাধিক অঞ্চলে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। তবে দেশটির কর্তৃপক্ষ ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বড় ধরনের কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, পেরু ভৌগোলিকভাবে ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে। ২০০৭ সালে ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন, যা দেশটির সাম্প্রতিক দশকের অন্যতম বড় বিপর্যয় হিসেবে পরিচিত।