বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষ করে তিনি রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে পৌঁছান।
দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল। শ্রদ্ধা নিবেদনের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এ সময় তার সাথে বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। এছাড়া কবর প্রাঙ্গণের বাইরে নিরাপত্তা বেষ্টনীর পাশে দলের অনেক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন, যারা হাত নেড়ে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান। রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও বহুবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত সরাসরি ভোটে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট। আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে।