প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে রাজধানীর গুলশান থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলার বিচার শেষে আদালত বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার বিবরণে জানা যায়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির চুক্তি নিয়ে এই প্রতারণার ঘটনা ঘটে। ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদারের সঙ্গে ২০০১ সালে ৮০ লাখ টাকায় ফ্ল্যাট বিক্রির চুক্তি করেছিলেন বিদিশা। চুক্তির অংশ হিসেবে বিদিশার মনোনীত বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার নেওয়া হয় এবং বায়নানামা সম্পন্ন হয়। তবে পরবর্তীতে ফ্ল্যাট বুঝিয়ে দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি বিদিশা ৭২ লাখ টাকার একটি চেক দিলেও ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ফ্ল্যাট বা টাকা কোনোটিই না পাওয়ার অভিযোগ তুলে বাদী মামলাটি দায়ের করেন। এছাড়া টাকা ফেরত চাওয়ার কারণে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এই মামলায় গত ২০ মে আদালত বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন।