নারী এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে আসা ইন্দোনেশিয়ার জন্য টুর্নামেন্টের অভিষেকটা সুখকর হলো না। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে বল হাতে কিছুটা চাপ সৃষ্টি করতে পারলেও ব্যাট হাতে লড়াই করতে পারেনি ইন্দোনেশিয়া। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে ৭১ রানের ব্যবধানে হার মানতে হয়েছে তাদের।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ইন্দোনেশিয়া প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। দলীয় ১৬ রানে জুয়াইরিয়া ফেরদৌস সাজঘরে ফেরার পর দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দিলারা ২৭ রান করে আউট হলে ৪০ রানের এই জুটি ভেঙে যায়। সোবহানা মোস্তারি ৪২ বলে ২ চার ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া স্বর্ণা আক্তার ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রানের ক্যামিও ইনিংস খেললে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রানের সংগ্রহ পায়। ইন্দোনেশিয়ার পক্ষে কাদিক আরিয়ানি ২৮ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইন্দোনেশিয়া শুরুটা বেশ আক্রমণাত্মকভাবেই করেছিল। ওপেনার মারিয়া ও পানগেসতুতির ব্যাটিং বাংলাদেশের সমর্থকদের মনে কিছুটা ভয়ের উদ্রেক করেছিল। তবে মারুফা আক্তারের জোড়া উইকেট বাংলাদেশকে ম্যাচে দ্রুত ফিরিয়ে আনে। এরপর মেঘলা, নাহিদা ও ফাহিমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ইন্দোনেশিয়ার ব্যাটাররা আর দাঁড়াতে পারেননি। ওপেনার মারিয়ার ১২ রানই ছিল তাদের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ১৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলিং করেন। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার ইনিংস ৫৮ রানেই গুটিয়ে যায়।