মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বুকাভু শহরে অবস্থিত দুটি স্কুলে এই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়লে শিশুসহ অন্তত ২৪ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। আগুনের হাত থেকে বাঁচতে শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করলে হুড়োহুড়িতে তাদের মৃত্যু হয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডের এই ঘটনায় কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা আহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
দুর্ঘটনার ফলে ওই এলাকায় প্রায় ৩০০টিরও বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঠিক কী কারণে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ডিআর কঙ্গোর সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাভু দেশটির পাহাড়ি অঞ্চলের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। গত বছরের ফেব্রুয়ারি মাসে এম২৩ বিদ্রোহীরা শহরটি দখল করে নিয়েছিল, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলেছিল।