বরিশাল নগরীর প্যারারা রোডে অবস্থিত দৈনিক সমকাল পত্রিকার কার্যালয় থেকে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলক চ্যাটার্জি সমকাল পত্রিকার বরিশাল ব্যুরোর সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সমকাল পত্রিকার বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানিয়েছেন, ২০২৩ সালে ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরও পুলক চ্যাটার্জি নিয়মিত পত্রিকা পড়ার জন্য তার সাবেক কর্মস্থলে আসা-যাওয়া করতেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সুমন চৌধুরী অফিসে এসে ভেতর থেকে দরজা আটকানো দেখতে পান। দরজার ফাঁক দিয়ে তিনি পুলক চ্যাটার্জিকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবার সামনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় সিআইডি টিম তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
এদিকে, জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে সহকর্মী ও সহযোদ্ধারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সহকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। উল্লেখ্য, পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।