জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বৃদ্ধি করেছে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশন (বিআইসিডিএ)। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি ছয়টি ভিন্ন ক্ষেত্রে 'সারচার্জ' বাড়ানোর এই সিদ্ধান্ত জানিয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর ও আইসিডির মধ্যে যাতায়াত, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) থেকে আইসিডিতে খালি কন্টেইনার আনা-নেওয়া এবং রপ্তানি পণ্য বোঝাই ও হ্যান্ডলিং চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
বিআইসিডিএ মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, সরকারিভাবে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর ফলে ডিজেলের দাম ১৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৫ টাকা থেকে ১৩৫ টাকায় দাঁড়িয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিভিন্ন পর্যায়ে গড়ে ৯.৮৫ শতাংশ হারে চার্জ বাড়ানো হয়েছে, যা সোমবার থেকেই কার্যকর হয়েছে।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে চার্জ বৃদ্ধির খাতগুলোর মধ্যে রয়েছে ইয়ার্ড থেকে খালি কন্টেইনার উত্তোলন, সিএফএস শেড পর্যন্ত খালি কন্টেইনার পরিবহন, খালি কন্টেইনারে রপ্তানি পণ্য বোঝাইকরণ, বোঝাইয়ের পর ইয়ার্ডে পণ্যভর্তি কন্টেইনার পরিবহন, ইয়ার্ড থেকে রপ্তানি পণ্যের কন্টেইনার উত্তোলন, জাহাজ নির্ধারণের পর লোড ইয়ার্ডে কন্টেইনার উত্তোলন এবং চট্টগ্রাম বন্দর ও পিসিটি পর্যন্ত রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার পরিবহন।
এছাড়া রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনারের মোট ওজনের (ভিজিএম) চার্জও বাড়ানো হয়েছে। এর আওতায় লোড ইয়ার্ডে কন্টেইনার উত্তোলন, লোড ইয়ার্ড থেকে ওয়েইং স্কেল পর্যন্ত পরিবহন, ওজন পরিমাপ এবং পুনরায় লোড ইয়ার্ডে পরিবহন ও উত্তোলনের চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
আমদানি পণ্য ডেলিভারি চার্জের ক্ষেত্রেও বৃদ্ধি কার্যকর করা হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর ও পিসিটি থেকে আইসিডি পর্যন্ত আমদানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন, আইসিডিতে কন্টেইনার উত্তোলন, ডেলিভারি ইয়ার্ডে কন্টেইনার রাখা এবং শ্রমিকদের মাধ্যমে কন্টেইনার থেকে ট্রাকে পণ্য ডেলিভারি দেওয়ার প্রক্রিয়া।