মাদারীপুরের শিবচরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহিদ। স্থানীয়ভাবে তিনি ‘শহিদ চেয়ারম্যান’ হিসেবে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শিবচর পৌরসভার নন্দকুমার মোড় থেকে কলেজ মোড়গামী পুরাতন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মো. শহিদুল ইসলাম শহিদ নন্দকুমার মোড় থেকে কলেজ মোড়ের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক গাড়িটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নূর উদ্দিন মোল্লা, বর্তমান আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, পৌর বিএনপির আহ্বায়ক মো. কালাম মল্লিক, সদস্যসচিব মো. আজমল হোসেন সেলিম খান এবং সিনিয়র আহ্বায়ক মো. হেমায়েত হোসেন খানসহ এনসিপির জেলা কমিটির সদস্যসচিব মো. ইয়াজ্জেম হোসেন রোমান।
স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকবৃন্দ এই দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন, পলাতক চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সড়কে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।