যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই বিদ্যালয়ে চালানো হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহত শিশুদের বয়স ৫, ৮ ও ১১ বছর এবং নিহত অপরজন হলেন বিদ্যালয়ের এক শিক্ষক। এ ঘটনায় সাত বছর বয়সি এক শিশু ও ৫৪ বছর বয়সি এক শিক্ষক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।
বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ১৬ বছর বয়সি স্থানীয় এক কিশোর এই হামলার সঙ্গে জড়িত ছিল। হামলার পর ওই কিশোরও নিহত হয়েছে, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারী তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশ করেছিল। সে আগে কখনো ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সেবাদাতা সংস্থাগুলোর কাছে প্রথম সাহায্যের ফোন আসে। এক ব্যক্তি জানান, লম্বা আগ্নেয়াস্ত্রধারী একজন তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। দুপুর ১টা ১ মিনিটে বিদ্যালয়টি অবরুদ্ধ করার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ক্রান্টজ জানান, স্থানীয় এক ব্যক্তি হামলাকারীকে বিদ্যালয়ে ঢুকতে দেখে পিছু নেন এবং ভেতরে গিয়ে তার মুখোমুখি হন। ওই ব্যক্তি হামলাকারীকে গুলি করলে পুলিশ ভবনে ঢুকে হামলাকারীকে মৃত অবস্থায় পায়।
পুলিশ বিদ্যালয়ের প্রতিটি কক্ষ তল্লাশি করে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে বের করে আনে এবং কাছের একটি গির্জায় স্বজনদের সঙ্গে তাদের পুনর্মিলনের ব্যবস্থা করা হয়। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। ওরেগনের গভর্নর টিনা কোটেক ও সিনেটর জেফ মার্কলি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, ২০২৬ সালে দেশটিতে এ পর্যন্ত ৩৬৯টি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটেছে এবং এভরিটাউন ফর গান সেফটির হিসাব অনুযায়ী, চলতি বছর স্কুল প্রাঙ্গণে প্রায় ১০০টি গুলির ঘটনায় ২৭ জন প্রাণ হারিয়েছে।