লক্ষ্মীপুরে মাটি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত খোরশেদ ওই এলাকার রুহুল আমিনের ছেলে এবং পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, দুপুরে দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করছে। নিহতের স্বজনদের অভিযোগ, ওয়ালিদ নামে এক ব্যক্তি মাটি ব্যবসা নিয়ে এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছিল। মোরশেদ ও মজিদ নামে দুজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল বলেও তারা অভিযোগ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিলশাদপুর এলাকায় ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহীম ছোট্টু, কামরুল, বাচ্চু, হিরু ও জহিরসহ আরও ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে খোরশেদকে এলোপাতাড়ি গুলি করে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানাকে আটক করেছে। আটক ছুট্টু দিলশাদপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে এবং মাসুদ রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।